হাঁটুর ইনজুরির কারণে দিল্লী ডেয়ালডেভিলসের ফাস্ট বোলার মোহাম্মদ সামি চলমান ভারতীয় প্রিমিয়ার লীগের (আইপিএল) আসর থেকে ছিটকে পড়েছেন।
এই ইনজুরির কারণে ডেয়ারডেভিলসের প্রথম তিনটি ম্যাচেই তিনি খেলতে পারেননি। দলের বিশেষজ্ঞরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তবে ইনজুরির মাত্রায় নির্ণয় করে গতকাল দিল্লির পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে কোনমতেই সামির আর খেলা সম্ভব নয়।
অস্ট্রেলিয়ায় সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভারতের হয়ে সামি দারুণ নৈপুণ্য দেখান। ১৭ উইকেট নিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় চতুর্থ স্থান লাভ করেন। তার আগেই এই তালিকায় রয়েছেন সতীর্থ উমেশ যাদব।
বিশ্বকাপেই হাঁটুর ইনজুরি নিয়ে সমস্যায় পড়েছিলেন সামি। এ কারণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ ম্যাচে তাকে বিশ্রামে রাখা হয়।
ইনজুরির বিষয়টি নিশ্চিত করে বিসিসিআই থেকে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে সামির আর আইপিএল খেলা হচ্ছে না। তাকে হয়তবা অস্ত্রোপচারের টেবিলে বসতে হতে পারে। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অন্তত দুইমাস সময় লাগবে।
