স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের জন্মলগ্ন থেকে স্বাধীনতার চেতনা যে বাহিনীর হূদয়ে প্রোথিত, সে পুলিশ বাহিনী গণতন্ত্রের অগ্রযাত্রার সহযাত্রী হবে। ভূমিকা রাখবে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে। গতকাল শুক্রবার সকালে মিরপুর পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে মিরপুর স্টাফ কলেজ চত্বরের অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এবং নিহত পুলিশ পরিবারের সদস্যরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উত্সর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে দেশব্যাপী সব পুলিশ ইউনিটে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘পুলিশ মেমোরিয়াল ডে ২০১৯’। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে মিরপুরে পুলিশ স্টাফ কলেজে গতকাল নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘পুলিশ মেমোরিয়াল ডে’ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
