ইয়েমেনে আটকে পড়া আরো ১৩৬ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে আফ্রিকার দেশ জিবুতিতে নিয়ে গেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ। এদের মধ্যে পাঁচজন নারী ও চার শিশু রয়েছে বলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ভারতের নৌবাহিনীর জাহাজ হোদেইদা বাংলাদেশি নাগরিকদের উদ্ধার করে গতকাল বৃহস্পতিবার আফ্রিকার দেশ জিবুতিতে নিরাপদে নিয়ে যায়। এর আগেও ভারতের নৌবাহিনীর জাহাজ বাংলাদেশি নাগরিকদের স্থানান্তরে সহায়তা করেছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বর্তমানে জিবুতি অবস্থান করছেন। তিনি সেখানে আসা বাংলাদেশি নাগরিকদের গ্রহণ করেন। জিবুতিতে বাংলাদেশি নাগরিকদের জন্য থাকা, খাওয়াসহ প্রয়োজনীয় সকল সেবা দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। খুব শিগগিরই বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে জিবুতি থেকে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। আগামী ২০ এপ্রিল থেকে বিমানের ফ্লাইট শুরু হবে বলে জানানো হয়েছে।
ইয়েমেনে বর্তমানে দেড় থেকে তিন হাজার বাংলাদেশি রয়েছেন। সম্প্রতি হুতি বিদ্রোহীরা দেশটির প্রেসিডেন্টকে উত্খাত করে রাজধানী সানার নিয়ন্ত্রণ নিলে পরিস্থিতির দ্রুত অবনতি হয়। বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে অভিযান শুরুর পর এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে।
