চান্দিনার মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের বাগুচি ব্রিজ সংলগ্ন মের্সাস মমতাজ ব্রিকস এন্ড ম্যানুফেকচার্স অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে মালিকসূত্রে জানা যায়। এব্যাপারে ব্রিকস ফিল্ডের অংশীদার মো. মহিউদ্দিন মোল্লা বাদী হয়ে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেছেন।
ব্রিকস ফিল্ডের মালিক জাহাঙ্গীর আলম সরকার ও মহিউদ্দিন মোল্লা জানান, বুধবার ভোর রাতে দুর্বৃত্তরা মমতাজ ব্রিকস ফিল্ডের অফিস ঘরের বাহিরের দরজা তালা মেরে অফিসের টিনের চালে আগুন ধরিয়ে দেয়। অফিস ঘরে ব্রিকস ফিল্ডে নিয়োজিত প্রায় ১০-১২ জন শ্রমিক ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুনের লেলিহান শিখার তাপে শ্রমিকরা ঘুম থেকে উঠে অফিস ঘরের পিছনের দরজা দিয়ে বের হয়ে প্রাণে রক্ষা পান। আগুনে অফিসের আসবাবপত্র, মূল্যবান মেশিনারিজ, একটি ট্রাক্টর ইঞ্জিন পুরে ছাই হয়ে যায়।
এতে প্রায় ৭০ লক্ষ টাকার প্রাথমিক ক্ষয়-ক্ষতি হয় বলে তারা দাবি করেন। চান্দিনা ফায়ার সার্ভিস এর একটি ইউনিট সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান-ডাকাতচক্র ব্রিকস ফিল্ডটি বন্ধ করতে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
চান্দিনা ফায়ার স্টেশন অফিসার ইয়াছিন প্রধান জানান-ফায়ার সার্ভিস একটি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ক্ষয়-ক্ষতি নির্ণয় ও আগুন লাগার কারন নির্ণয়ে তদন্ত চলছে।
চান্দিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমদ নিজামী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে। মালিক পক্ষ থেকে মামলা দায়ের করেছে। দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
