‘বিজিবি রাজনৈতিক দলের হাতিয়ার নয়’

আপডেট : ১৭ এপ্রিল ২০১৫, ১৬:০৪
 
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, কোন রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে বিজিবি ব্যবহার হয়নি, হচ্ছে না এবং ভবিষ্যতে হবেও না। শুক্রবার সকাল ১১টায় কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড বাংলাদেশ’র সদর দফতর পরিদর্শনশেষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। 
 
আজিজ আহমেদ বলেন, আমরা দেশের সাংবিধানিক দায়িত্ব পালন করছি। সরকার যতদিন চাইবে বিজিবি ততদিন মাঠে থাকবে। আমরা দেশের জনগণের স্বস্তিদায়ক নিরাপত্তা বিধানে কাজ করছি, এটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে নয়।
 
তিনি বলেন, বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যার বিষয়টি সারা বিশ্বের সর্বস্তরের মানুষের মনে নাড়া দিয়েছে। যে নৃশংসভাবে ফেলানীকে হত্যা করা হয়েছে, এই হত্যাকান্ডটি নিঃসন্দেহে একটি ঘৃণিত কাজ। শুধু সারা বিশ্বেই নয়, ভারতেও এটি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। বিচারিক কার্যক্রম বিলম্বিত হলেও দেশের মানুষের মতো ন্যায়বিচার ও প্রত্যাশিত রায় আমরাও আশা করবো।
 
তিন সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজিজ আহমেদ বলেন, সরকার যতদিন চাইবে বিজিবি ততদিন মাঠে থাকবে। বিগত দিনের নির্বাচনে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেছে। আগামীতে তিনটি সিটি কর্পোরেশন নির্বাচনে দক্ষতার সাথে দায়িত্ব পালন করবে। , আমার বাহিনীর প্রতি নির্দেশনা থাকবে সাধারণ জনগণ যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে ভোট দিতে পারে। কোন প্রকার হুমকিতে যাতে ভোট দিতে বিরত না থাকে সেটা নিশ্চিত করার জন্য যা করার দরকার আমরা সেটা করব। এতে কে জয়ী হলো বা হলো না সেটা আমাদের দেখার কোন প্রয়োজন নেই এবং আমরা দেখবোও না।
 
প্রেস ব্রিফিংকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: মাহফুজার রহমান, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল জুলফিকার আলী, কুড়িগ্রাম ৪৫ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল জাকির হোসেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক এবিএম আজাদ ও পুলিশ সুপার ডা: মো: তবারক উল্ল্যা প্রমুখ।