কেন্দুয়ায় বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট : ১৭ এপ্রিল ২০১৫, ১৭:৩১
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শুক্রবার বিকেলে অজ্ঞাত পরিচয়ের একজন বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ষাট বছর। 
 
কেন্দুয়া থানা পুলিশ উপজেলার মাসকা ইউনিয়নের খিলাবিলের আলমপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে।  
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে স্থানীয় লোকজন খিলাবিলের আলমপুর এলাকায় কাদা পানিতে বিবস্ত্র অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব  জানান, লাশটির পরিচয় পাওয়া যায়নি। লাশে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাদতন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।