বেনাপোলে ফাঁদ পেতে ধরা হলো মেছোবাঘ

আপডেট : ১৮ এপ্রিল ২০১৫, ১৮:৪৮
বেনাপোলের ধান্যখোলা সীমান্ত এলাকা থেকে শনিবার সকালে একটি বড় আকৃতির মেছো বাঘ আটক করেছে কিতাব আলী নামে এক কৃষক। কিতাব আলী ধান্যখোলা গ্রামের হাসেম আলীর ছেলে। পরে মেছো বাঘটিকে বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। 
 
কৃষক কিতাব আলী জানান, ভারত সীমান্ত পার হয়ে এই বাঘটি প্রতিদিন সকালে এ গ্রামে ঢুকে তার বাড়িসহ আরো কয়েকটি বাড়ির হাস, মুরগি ও ছাগল খেয়ে ফেলে। এই বাঘের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। পরে আমরা বাঘটি ধরার পরিকল্পনা করি। 
 
আমি বাশ দিয়ে একটি খাচার ফাঁদ তৈরি করি। আজ সকালে ফাঁদের ভেতর হাস ও মুরগি দিয়ে বাড়ির পাশে একটি বাগানে রেখে দেই। সকাল ১০টার দিকে বাঘটি বাগানে এসে খাঁচার ভেতর হাঁস মুরগি দেখে প্রবেশ করে এবং সাথে সাথে খাঁচার দরজা বন্ধ হয়ে যায়। বাঘটি খাঁচায় আটকে যায়। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশে খবর দিলে পুলিশ খাঁচাসহ বাঘটি থানায় নিয়ে যায়।
 
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান, বাঘটি ধান্যখোলা গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। বন অধিদপ্তরকে খবর দেয়া হয়েছে। তারা আসলে তাদের হাতে বাঘটি তুলে দেয়া হবে। মেছো বাঘটি থানায় আনার পর উৎসুক জনতা তা দেখার জন্য থানায় ভিড় জমায়।