ইয়েমেনে আটকে পড়া ৩৩৭ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বাংলাদেশ বিমানের দুটি বিশেষ ফ্লাইটে রবিবার ভোরেই তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইয়েমেনে বর্তমানে দেড় থেকে তিন হাজার বাংলাদেশি রয়েছেন। সম্প্রতি হুতি বিদ্রোহীরা দেশটির প্রেসিডেন্টকে উত্খাত করে রাজধানী সানার নিয়ন্ত্রণ নিলে পরিস্থিতির দ্রুত অবনতি হয়। বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে অভিযান শুরুর পর এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে। এরপরই বাংলাদেশসহ বিভিন্ন দেশ ইয়েমেন থেকে তাদের নাগরিকদের সরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে।
ইতিমধ্যে ভারতের সহযোগিতায় শ’খানেক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া ইয়েমেন থেকে আফ্রিকার দেশ জিবুতিতে কয়েক শ’ বাংলাদেশিকে স্থানান্তর করতে সহায়তা করেছে ভারত।
