নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মুসলিমনগর নয়াবাজারে শনিবার রাতে আগুনে পুড়ে গেছে ৩৭টি বসত ঘর। আগুন নেভাতে গিয়ে অন্তত নারী-পুরুষসহ ১০জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্তরা বিভিন্ন গার্মেন্টের কর্মী। এ সময় তারা গার্মেন্টে ছিলেন।
বাড়িওয়ালা রমজান আলী মুন্সি জানান, ওয়াহাব আলী সর্দারের ভাড়া দেয়া বাড়ির রান্না ঘরের গ্যাসের চুলা থেকে রাত সাড়ে ৭টার দিকে আগুন লাগে। ওই বাড়িতে থাকা ৮টি টিনের ঘর পুড়ে আমার ভাড়া দেয়া বাড়ির ১৯টি, আসলামের ৯টি ও শহিদুল্লাহর একটি টিনের ঘর পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তরা ভাড়াটিয়ারা প্রত্যেই বিসিক শিল্পাঞ্চলে গার্মেন্টে কাজ করে।
গার্মেন্টকর্মী পারভিন জানান, রাত ৮টায় গার্মেন্ট থেকে এসে দেখি আমার ঘরের সব কিছু পুড়ে ছাই হয়েগেছে। এখন পড়নের একটি কাপড়ও নেই। ঘরের রান্না করার হাড়ি পাতিল, ঘাট, সুকেস, কাপড় সহ সব কিছু পুড়েগেছে।
গার্মেন্টকর্মী রাশিদা জানান, আমি সহ আমার দুই মেয়ে গার্মেন্টে কাজ করে। রাতে ডিউটি শেষে বাসায় ফিরে ঘরের চিহ্নটিও খুজে পায়নি। দীর্ঘদিনের জমানো টাকা পয়সা সহ সবই পুড়ে ছাই হয়েগেছে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ জানান, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক মোমতাজ আহম্মেদ জানান, দু্ইটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
