পাকিস্তানে আটক পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দিয়েছে পাকিস্তান। গতকাল শুক্রবার পাকিস্তান সরকার ভারতের কাছে অভিনন্দনকে হস্তান্তর করে। অভিনন্দন ফিরে আসায় ভারতে একরকম উত্সব পালন করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজনীতিক এবং বিমান বাহিনী তাকে অভিনন্দন জানিয়েছেন। খবর বিবিসি, এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার
এরই মধ্যে গতকাল কাশ্মিরে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হয়েছে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে মধ্যস্ততার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। দেশে প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা করে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, লোকসভায় ৩শ’ আসনে জিততে আর কত সৈন্য মারবে সরকার। অন্যদিকে পাকিস্তানে সেনাপ্রধান হুঁশিয়ারি দিয়েছেন, ভারত হামলা চালালে কড়া জবাব দেওয়া হবে।
দেশে ফিরলেন পাইলট
স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ভারতে ওয়াঘা সীমান্ত দিয়ে অভিনন্দনকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে তুলে দেয় পাকিস্তানি রেঞ্জার্স। তাকে স্বাগত জানান এয়ার ভাইস মার্শাল আর জি কে কপূর। শুক্রবার পাকিস্তান সেনাদের একটি বহরে ওয়াঘা সীমান্তে নিয়ে আসা হয় অভিনন্দনকে। সেখানে তার মেডিক্যাল চেকআপ হয়। দেশের মাটিতে পা রাখার পর অভিনন্দনকে অমৃতসর এয়ারবেসে নিয়ে ফের মেডিক্যাল চেকআপ হয়। গতকাল সকালে পাকিস্তানে ভারতের হাইকমিশন অভিনন্দনের মুক্তির ব্যাপারে আনুষ্ঠানিক কাজকর্মগুলো সেরে ফেলে। সেই কাগজপত্র পাকিস্তানের হাতে তুলে দেয়। তারপরই ইসলামাবাদ থেকে সড়কপথে লাহোরে নিয়ে আসা হয় তাকে। বিকেলে নিয়ে আসা হয় ওয়াঘা-অটারী সীমান্তে। তবে তাকে দেরিতে হস্তান্তর করা হয়। বার্তা সংস্থা পিটিআই সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হস্তান্তরের আগে অভিনন্দনকে ক্যামেরার সামনে একটি বিবৃতি রেকর্ড করাতে বাধ্য করা হয়। ভারতে ফিরে অভিনন্দন বর্তমান বলেছেন, দেশে ফিরে আসতে পেরে তিনি খুবই আনন্দিত। এর আগে পাকিস্তানি মিডিয়াকে তিনি বলেছিলেন, পাকিস্তান সেনাবাহিনীর ব্যবহারে তিনি খুবই চমত্কৃত হয়েছেন। গত বুধবার বিমান বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তানে আটক হয়েছিলেন অভিনন্দন।
ভারতজুড়ে উত্সব
অভিনন্দনকে স্বাগত জানাতে বিকেলেই হাজির হন সেনাবাহিনী ও বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। সকালেই সীমান্তে পৌঁছে যান অভিনন্দনের বাবা এয়ার মার্শাল এস বর্তমান এবং মা শোভা বর্তমান। ফিরে আসার পরই ভারতজুড়ে শুরু হয় উত্সব। শুরু হয় বাজি পটকা ফাটানো। সকাল থেকেই ভারতের নানা শহরে চলে আবির খেলা, মিষ্টি খাওয়ানো আর বাজি ফাটানো। প্রধানমন্ত্রী মোদী, বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও বিমান বাহিনী তাকে স্বাগত জানিয়েছে এবং তার সাহসের প্রশংসা করেছে।
কাশ্মিরে ফের বন্দুকযুদ্ধ
গতকাল কুপওয়াড়া জেলায় বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসীর সঙ্গে মারা যান নিরাপত্তা বাহিনীর চার সদস্য যাদের মধ্যে একজন কর্মকর্তা রয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী অভিযানে কেরালগুন্দ গ্রামে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয় নিরাপত্তা বাহিনীর। এতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের পরিদর্শক, এক জওয়ান ও পুলিশের দুই সদস্য নিহত হন। সূত্র জানায়, এক জঙ্গিকে মৃত ভাবা হয়েছিল। কিন্তু সেই সন্ত্রাসীই ধ্বংসাবশেষের মধ্য থেকে বের হয়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। নিরাপত্তা বাহিনী জানায়, দুই সন্ত্রাসী নিহত হয়েছে।
পুতিনের মধ্যস্ততার প্রস্তাব
ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন। তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা থামাতে মধ্যস্ততার প্রস্তাব দিয়েছেন। পুতিন আশা করছেন, শিগগিরই দুই দেশের মধ্যে চলা বর্তমান পরিস্থিতি শান্ত থাকবে।
ওআইসি সম্মেলন বর্জন পাকিস্তানের, সমালোচনায় সুষমা স্বরাজ
আমাদের নয়াদিল্লি প্রতিনিধি জানিয়েছেন, প্রথমবারের মতো ওআইসি সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি পাকিস্তানের নাম উল্লেখ না করে সন্ত্রাসবাদে প্রশ্রয়কারীদের কড়া সমালোচনা করেছেন। আবুধাবিতে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে সুষমা স্বরাজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, মানবতাকে রক্ষা করতে হলে সন্ত্রাসীদের যারা প্রশ্রয় দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি পার্লামেন্টে জানিয়েছেন, ভারত সম্মেলনে যোগ দেওয়ায় তিনি বয়কট করেছেন। তিনি এর আগে ওআইসিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিলেন।
হামলা হলে কড়া জবাব
পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া গতকাল কমান্ডার অব দ্য ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ডস, ইউনাইটেড কিংডম’স চিফ অব ডিফেন্স স্টাফ, অস্ট্রেলিয়ান চিফ অব ডিফেন্স ফোর্স এবং পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং চীনের দূতদের সঙ্গে ফোনালাপ করেছেন। তিনি বলেছেন, যে কোনো হামলায় পাকিস্তানের জবাব দেওয়ার অধিকার আছে। তাই ভারত হামলা চালালে কড়া জবাব দেওয়া হবে।
