রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত তার দেশ। গতকাল শনিবার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল রোসি্সয়াকে দেয়া এক সাক্ষাত্কারে পুতিন বলেন, যেসব বিষয়ে উভয় দেশের স্বার্থ একই সেসব ক্ষেত্রে আমাদের একসঙ্গে কাজ করা প্রয়োজন। খবর রয়টার্সের।
প্রেসিডেন্ট পুতিন বলেন, আন্তর্জাতিক অনেক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের মতবিরোধ আছে, কিন্তু অনেক ক্ষেত্রে আবার উভয়ের স্বার্থ অভিন্ন। এই অভিন্ন স্বার্থই আমাদের একত্র কাজ করতে উদ্বুদ্ধ করতে পারে। তিনি বিশ্ব অর্থনীতিকে গণতান্ত্রিক এবং ভারসাম্যপূর্ণ করার ওপর জোর দেন। এই মন্তব্যের মাধ্যমে পুতিন মার্কিন বিরোধী পথ থেকে কিছুটা সরে আসলেন বলে মনে করা হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অনেক দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্কটা ভাল যাচ্ছে না।
রাশিয়ার প্রতিবেশী দেশ ইউক্রেন ইস্যুতে এই সম্পর্ক অবনতির দিকে যায়। রাশিয়া সম্প্রতি ইউক্রেনের পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বকে দায়ী করে।
