কুমিল্লা সীমান্তে ভারতীয়দের পিটুনিতে বাংলাদেশি নিহত

আপডেট : ১৯ এপ্রিল ২০১৫, ১৩:৫৮
 
কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের শাহাপুর সীমান্ত এলাকায় ভারতীয়দের গণপিটুনিতে নূর ইসলাম (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নূর ইসলাম জেলার সদর দক্ষিণ উপজেলার রাজাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
 
এ ব্যাপারে ১০ বিজিবির বিবির বাজার কমান্ডার সুবেদার মাহবুব মিয়া রবিবার দুপুরে জানান, বিএসএফ আমাদের কাছে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা করেছে, নূর ইসলাম ভারতের সোনাপুর গ্রামে চুরির উদ্দেশে প্রবেশ করেন। এ সময় স্থানীয়দের গণপিটুনিতে তার মৃত্যু হয়।
 
তিনি আরো জানান, বিকাল চারটায় পতাকা বৈঠকের মাধ্যমে কটক বাজার সীমান্ত এলাকা দিয়ে  নূর ইসলামের মরদেহ বিএসএফ বিজিবি’র কাছে হস্তান্তর করার কথা রয়েছে।
 
এদিকে স্থানীয়রা দাবি করেছেন, শনিবার রাত সাড়ে ১২টার পর নূর ইসলামকে শাহাপুর সীমান্ত থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।