উন্নয়নের পক্ষে ভোট দেবে জনগণ: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৯ এপ্রিল ২০১৫, ১৬:৪৪
 
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘শান্তি ও উন্নয়নের পক্ষে ভোট দেবে জনগণ। আন্দোলনের নামে ৯২ দিন ধরে বিএনপি-জামায়াত যেভাবে পুড়িয়ে মানুষ হত্যা করেছে, তার সমুচিত জবাব দেশবাসী ব্যালটের মাধ্যমে দেবে।’
 
রবিবার দুপুরে মহাখালিস্থ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালকে দেড় শ থেকে তিন শ শয্যায় উন্নীতকরণের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
মোহাম্মদ নাসিম বলেন, ‘আসন্ন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বিএনপি নেত্রী খালেদা জিয়া শনিবার ভোট চাইতে বিভিন্ন মার্কেটে যান। অথচ ওই মার্কেটগুলোই তিনি জোর করে তিন মাস ধরে হরতাল-অবরোধের নামে বন্ধ রাখার চেষ্টা করেছিলেন। যে গাড়িতে করে তিনি নির্বাচনী প্রচারণায় নামেন সেই গাড়ির চালকসহ নারী-শিশু-অন্তঃসত্ত্বা মহিলাদেরও তিনি পুড়িয়ে হত্যা করেন। যারা জ্বালিয়ে-পুড়িয়ে মানুষ হত্যা করেছে, তাদের কী জনগণ ভোট দেবে? জনগণ তাদের ভোট দিতে পারেই না।’
 
সরকারি সব হাসপাতালে সন্ধ্যাকালীন রাউন্ড অব্যাহত রাখার নির্দেশ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিত্সকদের আরো আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। স্বাস্থ্য সেবার ক্ষেত্রে কোন ধরনের দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না।’
 
মোহাম্মদ নাসিম বলেন, ‘ক্যান্সার চিকিত্সায় বাংলাদেশ অনেক এগিয়েছে। তবে এ ক্ষেত্রে আমাদের আরো অনেক পথ পাড়ি দিতে হবে। কারণ ক্যান্সার ব্যাপক হারে বেড়ে গেছে।’
 
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. মোয়াররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা, বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মো. শাহ নেওয়াজ, পরিচালক অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম প্রমুখ।