বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এতদিন পর তিনি বুঝতে পেরেছেন গত ৫ জানুয়ারির নির্বাচন না করা ভুল ছিল। এখন সেটা স্বীকার করে তিনি নিজেই মাঠে নেমে গেছেন। গত ৫ জানুয়ারির নির্বাচন করলে তিনি লাভবান হতেন।
সিটি নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারে নামার পর বিএনপি নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে তোফায়েল এ কথা বলেন।
রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, খালেদা জিয়া দলের প্রধান কিন্তু তিনি মন্ত্রী বা এমপি নন।
তোফায়েল আহমেদ বলেন, আমি দৃঢ়ভাবে বলতে পারি ৯২ দিন সন্ত্রাসী কার্যকলাপের পর তিনি (খালেদা জিয়া) কোর্টে আত্মসমর্পণ করেছেন, দলীয় কার্যালয় ছেড়ে নিজের বাড়িতে চলে গেছেন, পল্টন অফিসে গিয়ে নির্বাচনের পক্ষে কাজ করছেন, আর এখন রাস্তায় রাস্তায় ঘুরছেন, কিন্তু বার্ন ইউনিটের হাহাকার এখনও থামে নাই।
