পুঁজিবাজারের লেনদেনের ক্ষেত্রে প্রায় এক মাস ধরে জ্বালানি খাত শীর্ষে অবস্থান করছে। রবিবারও এর ব্যতিক্রম হয়নি। এ খাতের শাহজীবাজার পাওয়ার কোম্পানি ও ইউনাইটেড পাওয়ার কোম্পানি ঘিরেই মূলত লেনদেন বেশি হচ্ছে। রবিবার বাজারে লেনদেনের শীর্ষে ছিল শাহজীবাজার পাওয়ার কোম্পানি।
এ দিকে, খাত ভিত্তিক বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা গেছে—রবিবার জ্বালানি খাতে লেনদেন হয়েছে ১৬০ কোটি ৮৬ লাখ টাকার, যা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের প্রায় ২৯ শতাংশ।
তথ্যে দেখা গেছে—ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১ বেড়ে ৪ হাজার ৩৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্যসূচক ১২ কমে ১ হাজার ৬৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৬৩ কোটি ৩৮ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ২৪ কোটি ৮৬ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০৯ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ কোম্পানির শেয়ারের দাম।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১০ বেড়ে ১৩ হাজার ৪৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৮ কোটি ৯৮ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ৯ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের দাম।
আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে—রবিবার বাজারে ক্রেতা ও বিক্রেতাদের কার্যক্রম প্রায় সমান ছিল। তাই সূচকে খুব একটা ওঠা-নামা দেখা যায়নি। আশার দিক হলো—গত সপ্তাহের শেষ দিকের লেনদেনের প্রবণতা এ সপ্তাহেও অব্যাহত রয়েছে।এ দিকে, জাহিন টেক্সটাইলের তৃতীয় প্রান্তিকের ভালো আয়ের ফলে এ কোম্পানি ঘিরে ক্রেতাদের আগ্রহ বেড়েছে। গত দুই কার্যদিবসে এ কোম্পানির শেয়ারদর বেড়েছে প্রায় ২০ শতাংশ। এ কোম্পানির লেনদেন ঘিরে গোটা বস্ত্র খাতই লেনদেনে বড় অবদান রাখছে। রবিবার এ খাতে লেনদেন হয়েছে প্রায় ৮০ কোটি টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ১৪ শতাংশ।
