হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিনে রানের পাহাড়ে উঠেছে নিউজিল্যান্ড। সফরকারী বাংলাদেশের ২৩৪ রানের জবাবে চার উইকেট হারিয়ে ৪৫১ রান করেছে স্বাগতিকরা। ছয় উইকেট হাতে রেখেই ২১৭ রানের লিড নিয়ে ফেলেছে কেন উইলিয়ামসনের দল।
গতকালকের দিনটা ছিল নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের দখলে। আগের দিনের সাথে দ্বিতীয় দিনে নিউজিল্যান্ড স্কোরবোর্ডে জমা করেছে আরো ৩৬৫ রান। উইকেট হারাতে হয়েছে মাত্র চারটি। দু’টো উইকেট পেয়েছেন পার্ট টাইম মিডিয়াম পেসার সৌম্য সরকার। একটি করে উইকেট গেছে মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজের ঝুলিতে।
নিউজিল্যান্ডের ইনিংসের শক্ত ভিত গড়ে দিয়েছেন দুই ওপেনার জিত রাভাল ও টম ল্যাথাম। দু’জনেই পেয়েছেন সেঞ্চুরি। রাভাল ১৩২ ও ল্যাথাম ১৬১ রান করেন। ২৫৪ রানে ভাঙে রাভাল-লাথাম উদ্বোধনী জুটি। ৪২০ টি বল মোকাবিলা করেছেন তারা। বাংলাদেশের বিপক্ষে প্রথম উইকেট জুটিতে এটাই সর্বোচ্চ রান।
১৯ টি চার ও একটি ছক্কায় ২২০ বলে ১৩২ রান করেন রাভাল। অন্যদিকে ১৭ টি চার ও ৩টি ছক্কায় ২৪৮ বলে নিজের দায়িত্বশীল ইনিংসটি সাজান লাথাম। অধিনায়ক কেন উইলিয়ামসনের সাথে দ্বিতীয় উইকেটে ৭৯ রান যোগ করেন ল্যাথাম। এরপর ল্যাথাম ফিরে গেলেও উইকেটে টিকে ছিলেন উইলিয়ামসন। ল্যাথামের পর চার রান করে সাজঘরে ফিরেন।
চতুর্থ উইকেট জুটিতে হেনরি নিকোলসকে সাথে নিয়ে আরো ১০০ রান যোগ করেন উইলিয়ামসন। সাতটি চারে ৮১ বলে ৫৩ রান করা নিকোলসকে বোল্ড করেন মিরাজ। তবে দিন শেষে নয়টি চারে ১৩২ বল মোকাবিলায় ৯৩ রানে অপরাজিত থাকেন উইলিয়ামসন। তার সাথে এক রান করে অপরাজিত আছেন নাইট ওয়াচম্যান নিল ওয়াগনার।
