দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের ওপর ধারাবাহিকভাবে হামলায় ছয় জন নিহত হওয়ার প্রেক্ষিতে প্রায় তিন শ' জনকে গ্রেফতার করা হয়েছে। গত দু'সপ্তাহ ধরে দক্ষিণ আফ্রিকায় মহাদেশটির অন্যান্য অংশ থেকে আসা অভিবাসীদের ওপর আক্রমণের ঘটনা ঘটছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরটি জানিয়েছে বিবিসি।
স্বরাষ্ট্রমন্ত্রী মালুসি জিজাবা হামলাকারীদের সতর্ক করে দিয়ে বলেছেন, যারা এ সমস্ত ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে 'আইনের সর্বোচ্চ শক্তি' ব্যবহার করা হবে। অভিবাসীদের ওপর হামলায় গত দ'সপ্তাহে সেখানে ছয় জন নিহত হয়েছেন।
স্থানীয়দের মধ্যে বেকারত্ব সৃষ্টি করছে এমন অজুহাতে আফ্রিকান অভিবাসীদের পরিচালিত দোকানগুলোতে সশস্ত্র হামলা চালাচ্ছে কয়েকটি কট্টর ডানপন্থী গ্রুপ।
হামলার প্রেক্ষিতে হাজার হাজার অভিবাসী তাদের বাড়িঘর ছেড়ে ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়েছে। প্রতিবেশী জিম্বাবুয়ে, মালাওই এবং মোজাম্বিক তাদের দেশের নাগরিকদের দক্ষিণ আফ্রিকা থেকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে।
