ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় তরমুজ খেয়ে শিশুসহ একই পরিবারের সাতজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এরা হলো, শরিফুল (২৮), তাসমিন (২), শান্তা (৭), রুহান (৯), সুমী (৪), পারুল (৫৫) ও কল্পনা (১৮)। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার কাঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থ্য শরিফুল জানান, রবিবার সকালে তিনি কালীগঞ্জ বাজার থেকে একটি তরমুজ ক্রয় করে বাড়ি নিয়ে আসেন। তরমুজ খাওয়ার পর পরই পরিবারের সাতজন অসুস্থ্য হয়ে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করায়। অজ্ঞান হওয়া ছয়জন চৈতন্য ফিরে পেলেও শান্তা অজ্ঞান অবস্থায় রয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুর রহমান জানান, খাদ্য বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ্য হয়েছে।
