চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামে মেয়ে জামাতা দা দিয়ে কুপিয়ে শ্বশুর-শাশুড়ীকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার ওই গ্রামের মিজি বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন: ইকবাল হোসেন বুলু (৪৫) ও মমতাজ বেগম (৪০)। এ ঘটনার পর জামাই সুমন (২৮) শেখ পালিয়েছে।
রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন জানান, পাঁচ বছর আগে লাকি আকতার শারমিনের সঙ্গে ঢাকার সাভারের সুমন শেখের বিয়ে হয়। বিবাহিত জীবনে তাদের চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তবে তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল। তিনি জানান, রবিবার রাতে সুমন শেখ শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। দাম্পত্য কলহের জের ধরে সোমবার ভোর ছয়টায় সুমন তার শ্বশুর-শাশুড়ী ও স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেন।
প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পর ইকবাল হোসেনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় মমতাজ বেগমকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আহত লাকি আকতারের চিকিৎসা চলছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আরিচুল হক জানান, ঘটনার পর আসামি পালিয়ে গেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ধারনা করা হচ্ছে সুমন শেখ মাদকাসক্ত। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
