ঐতিহ্যের সন্ধানে প্রজন্ম

আপডেট : ২০ এপ্রিল ২০১৫, ১৬:০৮

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি মঠেরচালা এলাকায় পাল আমলের প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ উন্মোচিত হয়েছে। প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণায় এ পর্যন্ত আবিষ্কৃত স্থাপনা ও তথ্য-উপাত্তের ভিত্তিতে গবেষকেরা ধারণা করছেন এটি ১ হাজার বছর আগের এক পরিকল্পিত জনপদ ছিল। ‘ঐতিহ্য অন্বেষণ’ দু বছর ধরে এই এলাকায় প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণার কাজ করছে। উত্খননের ফলে প্রাচীন স্থাপত্য কাঠামোর ধ্বংসাবশেষসহ বেষ্টনী অভ্যন্তরীণ দেয়াল, দরজা, কুলঙ্গি, কর্নারটারেট, নালা, প্রচুর নকশাকৃত ইট, অলংকৃত ইটের টুকরো, মৃত্পাত্রের টুকরা, পাথরের বেদি, পিলাস্টার, বর্গাকার মন্দির, শিবলিঙ্গ উন্মোচিত হয়েছে। এছাড়া মুসলিম আমলের ধাতব মুদ্রা, অষ্টভুজাকৃতির কর্নারটারেট, পোড়া মাটির বল, পোড়া মাটির প্রদীপ স্ট্যান্ড, গ্লেইজড ওয়্যার, নব্য যুগের হাতিয়ার, ফুটন্ত পদ্ম ফুল, আঙুর ফল, বটপাতার নকশাসহ বিভিন্ন নিদর্শনও উন্মোচিত হয়েছে। চলমান প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণায় এ পর্যন্ত আবিষ্কৃত স্থাপনা ও তথ্য-উপাত্তের ভিত্তিতে পাল আমলের ধর্মীয় কোনো একটি প্রার্থনার স্থানের ধ্বংসাবশেষ বলে ধারণা করছেন গবেষকেরা।  লেখা ও ছবি শেখ হাসান হায়দার