গত রবিবার সাত শ' অভিবাসী বহনকারী নৌযান দুর্ঘটনার কবলে পড়ার পর সোমবার ফের ভূমধ্যসাগরে দুর্ঘটনার কবলে পড়েছে দুইটি নৌযান। লিবিয়া থেকে ইউরোপে অভিবাসনকামী সাড়ে চারশ' জন ওই দুইটি নৌযানে ছিলেন বলে বিবিসি খবরে জানিয়েছে।
নৌযান দুটি থেকে সাহায্য চেয়ে বার্তা পাঠানোর কথা জানিয়েছে অভিবাসন সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা আইওএম।
গত রবিবার দুর্ঘটনার শিকার সাত শ' জন সমুদ্রে ডুবে গেছে এমন আশঙ্কায় অভিবাসন সমস্যা নিয়ে আলোচনা করতে ইউরোপের নেতারা বৈঠকে বসার পর পরই এমন ঘটনার খবর পাওয়া গেল।
ইটালি ও মাল্টার কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কবলে পড়া অভিবাসনকামীদের উদ্ধার করতে কাজ করছে দেশ দুটি। ইটালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি সোমবার বলেছেন, নৌযান দুটি উদ্ধার করতে মাল্টার সাথে কাজ করছে তার দেশ। তিনি জানান লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকাতে এক থেকে দেড় শ' জন অভিবাসনকামী রয়েছে। আর অপর নৌযানে রয়েছে তিন শ' জন।
