ইয়েমেনে আটকে পড়া আরো ১৩৭ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে জিবুতি থেকে মঙ্গলবার সন্ধ্যায় তাদের ঢাকায় আনার কথা রয়েছে।
সোমবার এক সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানান। এসব বাংলাদেশিকে গত ১৬ এপ্রিল ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ ইয়েমেনের হুদায়দা শহর থেকে জিবুতিতে নিয়ে আসে বলে জানা গেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ইয়েমেনে সংকট শুরুর পর থেকে ৫০৮ জন দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন। ইতিমধ্যে ৩৬৩ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাকিদেরও দ্রুত ফিরিয়ে আনা হব। বর্তমানে ৭শ’ থেকে ৮ শ’ জন বাংলাদেশি ইয়েমেনে আটকা আছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি হুতি বিদ্রোহীরা দেশটির প্রেসিডেন্টকে উত্খাত করে রাজধানী সানার নিয়ন্ত্রণ নিলে পরিস্থিতির দ্রুত অবনতি হয়। বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে অভিযান শুরুর পর এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে। এরপরই বাংলাদেশসহ বিভিন্ন দেশ ইয়েমেন থেকে তাদের নাগরিকদের সরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে।
