প্রশাসনিক পদ ছাড়লেন শাবির ৩৫ শিক্ষক

আপডেট : ২১ এপ্রিল ২০১৫, ০২:৩৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর  প্রফেসর ড. মো: আমিনুল হক ভুঁইয়ার পদত্যাগ দাবিতে প্রশাসনের বিভিন্ন দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী-বাম সমর্থিত ৩৫ জন শিক্ষক। গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এই পদত্যাগপত্র জমা দেন তারা। তবে পদত্যাগপত্র এখনো গৃহীত হয়নি বলে জানিয়েছেন রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।

 
পদত্যাগকারী শিক্ষকদের মধ্যে রয়েছেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস, অধ্যাপক ড. আউয়াল বিশ্বাস, মো: এমদাদুল হকসহ ৩৭ পদের ৩৫ জন।
 
বিশ্ববিদ্যালয়ের ভিসি ইত্তেফাককে বলেন, আমি অনুরোধ করেছি, শিক্ষকরা যাতে পদত্যাগপত্র প্রত্যাহার করেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে সকল অনুষদের ডিন ও কোষাধ্যক্ষকে নিয়ে জরুরি সভা করেছি। আশা করি, শিক্ষকরা পদত্যাগপত্র প্রত্যাহার করবেন।
 
প্রসঙ্গত, গত সোমবার অধ্যাপক ড. জহির বিন আলমের সাথে অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক ও অধ্যাপক ড. শরিফ মো: শরাফউদ্দিনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে বদিউজ্জামান ফারুক বিভাগীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। বিষয়টি সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে গেলে তিনি স্ত্রীর অসুস্থতার কারণে পর্যাপ্ত সময় দিতে পারেননি। পরে ভিসির বিরুদ্ধে অসধাচরণের অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয়ের আওয়ামী-বাম সমর্থিত শিক্ষকদের একাংশ।