রাজধানীর পুরান ঢাকার চকবাজারে বাসচাপায় আরিফ হোসেন (৬৪) নামে এক বালু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে চকবাজারের আলীঘাট এলাকায় গাবতলী-বাবুবাজার বেড়িবাঁধে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে রাস্তা পার হওয়ার সময় গাবতলী থেকে ছেড়ে আসা জানজাবিল পরিবহনের একটি বাসের চাপায় আরিফের মৃত্যু হয়।
চকবাজার থানার ওসি আজিজুল হক জানান, ঐ বাসে ভাংচুর চালান স্থানীয়রা। বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
