কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইসলামপুর গ্রাম থেকে তাজমহল (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ওই গ্রামের নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তাজমহল ওই উপজেলার চালিভাঙ্গা গ্রামের সাইফুল ইসলামের দ্বিতীয় স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে চালিভাঙ্গা ইউনিয়নের নদীর পাড়ে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন মেঘনা থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে পুলিশ ও স্থানীয়রা ওই লাশটি চালিভাঙ্গা গ্রামের সাইফুল ইসলামের দ্বিতীয় স্ত্রী তাজমহল বলে শনাক্ত করে।
মেঘনা থানার ওসি (তদন্ত) সজল কুমার কানু জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকে সাইফুল পলাতক রয়েছে।
