উপজেলার দুই গ্রামবাসী একটি ভাঙ্গা ব্রিজ দিয়ে দীর্ঘদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন। যে কোন সময় ব্রিজটি ধসে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারে পথচারীরা।
জানা গেছে, উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের জমাদ্দার হাট খালের ওপর এলজিইডি বিভাগের আয়রণ ব্রিজ ১৯৮৪-৮৫ সালে নির্মাণ করা হয়। কিন্তু ১৯৯৩ সালের শেষের দিকে ব্রিজের উত্তর অংশ ভেঙে দেবে যায়। পরে দক্ষিণ চেঁচরী ও বাঁশবুনিয়া গ্রামের লোকজন নিজেদের উদ্যোগে বাঁশ ও গাছ দিয়ে ব্রিজটি সংস্কার করেছেন। বর্তমানে ওই দুই গ্রামের হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি পারাপার হচ্ছেন।
দক্ষিণ চেঁচরী গ্রামের জমাদ্দার হাট ব্রিটিশ আমল থেকে এ অঞ্চলবাসীর একটি ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এছাড়া খালের দু’পারে রয়েছে দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ দু’টি বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা ওই ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়ে প্রতিদিন চলাচল করছে। এসব ক্ষুদে শিক্ষার্থীরা যে কোন মুহূর্তে মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারে।
দক্ষিণ চেঁচরী গ্রামের প্রবীণ ব্যক্তি আব্দুল আজিজ জমাদ্দার ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০ বছর ধরে এ খালের ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অথচ এটি সংস্কারের কোন উদ্যোগ নেয়া হচ্ছে না।
