আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্ডেজ ডি কিচনারের বিরুদ্ধে আনীত অভিযোগ নাকচ করে দিয়েছে রাষ্ট্রপক্ষের কৌঁসুলী। ১৯৯৪ সালে একটি ইহুদি সেন্টারে বোমা হামলার নেপথ্যে থাকা ইরানি কর্মকর্তাদের রক্ষায় প্রেসিডেন্ট কিচনারের হাত ছিল বলে অভিযোগ রয়েছে। ফলে এ সংক্রান্ত মামলাটির এখানেই ইতি ঘটায় ল্যাটিন আমেরিকার দেশসমূহের মধ্যে স্পষ্টত দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে। খবর আল-জাজিরার।
সরকারি কৌঁসুলী জাভিয়ের দ্য লুকা স্থানীয় সময় সোমবার আদালতে আপিল শুনানিকালে জানান—তার বিরুদ্ধে আনীত অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্য-প্রমাণাদি নেই।
পূর্বের অন্য দুটি আদালতের সঙ্গে সুর মিলিয়ে তিনি তার সিদ্ধান্তে লেখেন—এখানে ফৌজদারি অপরাধের মত কোনো ঘটনা ঘটেনি। এর আগে গত ফেব্রুয়ারিতে একটি ফেডারেল জজ আদালত এটি প্রত্যাখ্যান করে। পরে ফেডারেল আপিল আদালতেও এটি প্রত্যাখ্যাত হয়। আর এর মধ্য দিয়ে মামলাটি কার্যত শেষ হয়ে গেলেও এর রাজনৈতিক প্রভাব রয়েই যাচ্ছে।
