ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটির সম্প্রসারিত ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। তিনি বলেন, নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার কয়েকটি কারণ আমি বের করেছি। তা হলো ডিএনসিসিতে স্বল্পমেয়াদের জন্য উপনির্বাচন হওয়া, একটি বড় রাজনৈতিক দল বিএনপির নির্বাচনে অংশ না নেয়া এবং নির্বাচনের দিন প্রচুর বৃষ্টি হওয়া। এ সব কারণ থাকার পরও নির্বাচনের পরিবেশ যা ছিল তা স্বাভাবিক। আমরা সন্তুষ্ট।
শুক্রবার জাতীয় সংসদ ভবনের সামনে থেকে প্রথমবারের মতো জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনের সময় তিনি এ সব কথা বলেন।
নির্বাচন কমিশনের ওপর আস্থা না থাকায় বিএনপি নির্বাচনে আসেনি বলে যে মন্তব্য করে আসছে, সে বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এটা তাদের রাজনৈতিক বক্তব্য। এ দেশে যারা নির্বাচনে আসে না তারা এ ধরনের বক্তব্য দেয়।’ তবে সব প্রতিকূলতার মধ্য দিয়েও ভোটার অধিকার রক্ষায় নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। এরপর প্রধান নির্বাচন কমিশনার জাতীয় ভোটার দিবস উপলক্ষে সংসদ ভবনের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রায় অংশ নেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে শোভাযাত্রাটি শেষ হয়।
