বাংলাদেশের কৃতিত্ব দেখছেন মুশতাক

আপডেট : ২১ এপ্রিল ২০১৫, ২০:৪৮
 
বাংলাদেশের প্রবল প্রতাপের বদলে পাকিস্তানের দুর্বলতাই যেন গত কয়েক দিন বেশী আলোচনায় আসছে। পাকিস্তান কী করে এতো বড় বড় ব্যবধানে হারছে, এই প্রশ্নের উত্তরে সবাই অনভিজ্ঞ পাকিস্তান, পরিবর্তনের ভেতর থেকে যেতে থাকা পাকিস্তানের কথা বলছেন। এ কথাগুলো অস্বীকার করছেন না দলটির বোলিং কোচ ও কিংবদন্তি লেগস্পিনার মুশতাক আহমেদও। কিন্তু তিনি একই সঙ্গে খুব জোর দিয়েই বললেন, ‘পাকিস্তানের এমন পরিণতির জন্য বাংলাদেশের ধারাবাহিক উত্থানও যথেষ্ঠ কৃতিত্বের দাবিদার।’
 

আগামীকালের ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসেছিলেন মুশতাক। তার দল কিভাবে ব্যর্থ হচ্ছে, সে কারণের কথা বলতে গিয়ে মুশতাক বরং সামনে নিয়ে এলেন বাংলাদেশের গত কয়েক বছর ধরেই ওয়ানডেতে ধারাবাহিক সাফল্য পাওয়ার ব্যাপারটা, ‘বাংলাদেশকে তাদের প্রাপ্য কৃতিত্ব দিতেই হবে। তারা খুব আত্নবিশ্বাসী দল। আমরা বাংলাদেশ দলকে অভিনন্দন দিতে চাই। তারা ভালো মানের দল। এর আগে নিউজিল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়েছে। তারা ভালো মানের দল। একই সাথে আমাদের দলটি অনেক তরুণ। তারা চেষ্ঠা করছে ম্যাচে ফেরার জন্য।’