আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করে খালেদা জিয়া এখন সেই সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছেন। আসলে তিনি ভোট চাওয়ার নামে নতুন করে নাটক শুরু করেছেন। বিগত ৩ মাসে দেশে অবৈধ হরতাল আর অবরোধের নামে যে অরাজকতা শুরু করেছিলেন, মানুষ তার জবাব দিয়েছে। দেশের মানুষ তার হরতাল ও অবরোধে কোন সাড়া দেয়নি। যে কারণে তিনি সেই নাটক বন্ধ করে দিয়ে সিটি নির্বাচনে অংশ নিয়েছেন। কিন্তু মানুষ তাদের সেই পুড়িয়ে মারার কথা ভুলে যায়নি। যে কারণে ভোটাররা বিএনপিকে আর বিশ্বাস করে না।
গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের কাজীপুরের সোনামুখী হতে কাজিপুর সদর পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন শেষে মাথাইলচাপড়ে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী জাহাঙ্গীর হালাম, স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী এস এম মাহবুব হোসেন, জেলা আওয়ামী লীগের কে এম হোসেন আলী হাসান, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, উপজেলা নির্বাহী অফিসার সাফিউল ইসলাম প্রমুখ।
