ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ উজ্জ্বল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীদের গুলিতে ওসিসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, এএসআই মেহেদি হাসান ও কনস্টেবল মাসুদ ও থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস।
জানা গেছে, সাতবাড়িয়া এলাকায় একটি ইট ভাটায় উজ্জ্বল অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরতে অভিযানে যায় পুলিশ। এ সময় উজ্জ্বল ও তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে উজ্জ্বল গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলে বাকিরা পালিয়ে যায়। উজ্জ্বলকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত উজ্জ্বলের বিরুদ্ধে হত্যাসহ ১১টি মামলা রয়েছে।
