নেইমার জাদুতে সেমিতে বার্সা

আপডেট : ২২ এপ্রিল ২০১৫, ১৫:৩৭
 
নেইমার জাদুতে পিএসজিকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠল বার্সেলোনা। মঙ্গলবার ক্যাম্প ন্যুতে দ্বিতীয় লিগে পিএসজিকে ২-০ গোলে জয় লাভ করে লুইস এনরিকের দল।
 
এর আগে কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে পিএসজির মাঠে ৩-১ ব্যবধানে জিতে সেমি-ফাইনালে এক পা দিয়ে রেখেছিল বার্সেলোনা। কালকের ম্যাচে তা পুরোপুরি নিশ্চিত হলো।
 
ম্যাচের চতুর্থ মিনিটে প্রথমে পিএসজির বক্সে লুইস সুয়ারেস ঢুকে গেলেও আটকে দেন দাভিদ লুইস। ১৪ তম মিনিটে একে একে প্রতিপক্ষের তিন খেলোয়াড়কে কাটিয়ে নেইমারকে পাস দেন আন্দ্রেস ইনিয়েস্তা। বল পেয়ে গোল দিতে ভুল করেননি ব্রাজিলের এই ফরোয়ার্ড। এই দুই গোলের মাধ্যমে নেইমার নিজের ৩০তম গোলটি করেন।
 
প্রথমার্ধের ৩৪তম মিনিটে দানি আলভেসের নিখুঁত ক্রস প্রতিপক্ষ ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে চলে যায় নেইমারের কাছে। হেড করে দ্বিতীয় গোলটি করেন নেইমার। ২-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা।
 
দ্বিতীয়ার্ধে বার্সেলোনা বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েও গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে ম্যাচ শেষ করে বার্সা।