মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক পর্যটন নগরী হচ্ছে মুজিবনগর

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২৩:০৪

বাংলাদেশের প্রথম রাজধানী ঐতিহাসিক মুজিবনগরকে মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক আন্তর্জাতিকমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে মেহেরপুর জেলার এই মুজিবনগরে একটি অত্যাধুনিক কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা এর সম্ভাব্যতা যাচাই করতে মুজিবনগর সফর করেছেন। গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে মেহেরপুর জেলা সমিতি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল এ কথা জানান।

তিনি বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক এবং বিস্তারিত ইতিহাস জানানোর সব ব্যবস্থা মুজিবনগর কমপ্লেক্সে থাকবে। সেখানে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের একটি দুর্লভ প্রতিকৃতি থাকবে। তিনি বলেন, মুজিবনগর কমপ্লেক্সে থাকবে একটি দৃষ্টিনন্দন লেক। এর চারপাশে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুজিবনগরের ইতিহাস লিপিবদ্ধ থাকবে। এখানে একটি সিনেপ্লেক্সও নির্মাণ করা হবে, যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ঐতিহাসিক মুজিবনগরসহ অবহেলিত মেহেরপুরের উন্নয়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। মেহেরপুরের সরকারি হাসপাতালকে মেডিক্যাল কলেজ হাসপাতাল গড়ে তোলারও চিন্তা করছে সরকার।  

অনুষ্ঠানে মেহেরপুর-২ আসন গাংনী থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ সাইদুজ্জামান খোকনকেও সংবর্ধনা দেওয়া হয়। অ্যাড শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবর্ধনা কমিটির আহ্বায়ক তৌফিকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক, সমিতির সাধারণ সম্পাদক ডা. এস এম এ খালেক প্রমুখ।