আড়াইহাজারে বাসের ধাক্কায় শ্রমিক নিহত, সড়ক অবরোধ

আপডেট : ২২ এপ্রিল ২০১৫, ১৩:৪২
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার তিনগাঁও এলাকায় দ্রুতগামী একটি বাসের চাপায় মতিন মিয়া (৩০) নামে এক পোশাক কারখানার শ্রমিক নিহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে। মতিন মিয়া আড়াইহাজার উপজেলার বড় মনোহরদী গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে।
 
এ ঘটনায় উত্তেজিত শ্রমিক ও জনতা বাসটি আটক করে ভাঙচুর করে গোলাকান্দাইল-আড়াইহাজার সড়কে অবস্থান করেন।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মতিন মিয়া উপজেলার বড় মনোহরদী এলাকা থেকে রূপগঞ্জ উপজেলার ডহরগাঁও এলাকায় অবস্থিত ফকির ফ্যাশন নামের ওই পোশাক কারখানায় কর্মস্থলে যোগ দিতে সাইকেলে করে যাচ্ছিলেন। গোলাকান্দাইল-আড়াইহাজার সড়কে আড়াইহাজারের  তিনগাঁও এলাকায় আসামাত্র দ্রুতগামী একটি বাস সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
এ সংবাদ ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী ও শ্রমিকরা বাসটি আটক করে ব্যাপক ভাংচুর করে। পরে গোলাকান্দাইল-আড়াইহাজার সড়কে অবস্থান নেয় তারা। প্রায় দুই ঘন্টা সড়কের উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার আড়াই ঘন্টা পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
 
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বর্তমানে যানচল স্বাভাবিক রয়েছে। ঘটনার পরই চালক পালিয়ে যায়।