বাংলাওয়াশের পথে পাকিস্তান

আপডেট : ২২ এপ্রিল ২০১৫, ২১:১৮
 
সিরিজ শুরুর আগেই গুঞ্জন শুরু হয়েছিল; বাংলাওয়াশ হতে চলেছে পাকিস্তান। সেই গুঞ্জনের বাস্তব রূপ দিতে চলেছে টাইগাররা। বড় ধরনের অঘটনা না ঘটলে পাকিস্তানের বাংলাওয়াশ এখন সময়ের ব্যাপার মাত্র। জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন মাত্র ৬৫ রান। হাতে আছে ৮ উইকেট। ব্যক্তিগত ৬৪ রানে এলবিডব্লিউয়ের শিকার হয়েছেন তামিম ইকবাল। ৯৫ রান নিয়ে অপরাজিত আছেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার।
 
এর আগে বুধবার মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক আজহার আলী। প্রথমে ব্যাট করতে নেমে সতর্কভাবে শুরু করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান আজহার আলী ও সামি আসলাম। দুজনে মিলে গড়েন ৯১ রানে দারুণ একটি জুটি। বাংলাদেশকে প্রথম সফলতা এনে দেন নাসির হোসেন। তার বলে উইকেট রক্ষক মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন জীবনের প্রথম আন্তর্জাতিক ইনিংস খেলতে নামা সামি। এরপর জায়গায় খেলতে আসা হাফিজকে বোল্ড করেন আরাফাত সানি। ব্যাক্তিগত প্রথম সেঞ্চুরি করার পরপরই সাকিবের বলে বোল্ড আউট হয়েছেন পাকিস্তানের অধিনায়ক আজহার আলী। আউট হওয়ার আগে হারিস সোহেলকে সঙ্গে নিয়ে গড়েন ৯৮ রানের জুটি। এরপর দলীয় স্কোরে মাত্র ৪ রান যোগ হতেই দলীয় ২০২ রানের মাথায় মাশরাফির বলে মুশফিকের হাতে ক্যাচ দেন হারিস সোহেল। এখানেই মূলত শেষ হয়ে যায় পাকিস্তানিদের লড়াই। এরপর চলে আসা-যাওয়ার মহড়া। ১ ওভার বাকি থাকতেই ২৫০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, আরাফাত সানি ও রুবেল হোসেন দু’টি করে উইকেট পেয়েছেন।
 
এই ম্যাচে পাকিস্তান দলে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। দলে জায়গা পেয়েছেন উমর গুল, জুলফিকার বাবর ও সামি আসলাম। বাদ পড়েছেন রাহাত আলি, সাইদ আজমল ও সরফরাজ আহমেদ।