লোডশেডিংয়ে রাজশাহীতে দুভোর্গ

আপডেট : ২২ এপ্রিল ২০১৫, ১৬:২৭
 
বৈশাখেই রাজশাহীতে ভ্যাপাসা গরম পড়েছে। সেই যোগ হয়েছে বিদ্যুতের লোডশেডিং। সপ্তাহ খানেক ধরে দফায় দফায় লোডশেডিংয়ে বিপাকে পড়েছে মহানগরবাসী। প্রতিদিন ভোর থেকে দিনে রাতে চলে লোডশেডিং। এতে নগরীর প্রাণকেন্দ্র ও প্রধান বাণিজ্যিক এলাকা সাহেব বাজারের ব্যবসা-বাণিজ্য থমকে দাঁড়িয়েছে।
 
জানা গেছে, শুধু সাহেব বাজার নয়, পুরো নগরীতেই চলছে লোডশেডিং। বিদ্যুতের ঘনঘন আসা-যাওয়ায়  চলমান এইচএসসি পরীক্ষার্থী ও নগরবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তবে বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফেরদৌস আলম লোডশেডিং নেই বলে দাবি করেছেন।
 
তিনি সাংবাদিকদের জানান, গত সোমবার সকালে কাটাখালি সাবস্টেশনে সামান্য সমস্যার কারণে লোডশেডিং হয়েছে। অল্প সময়ের মধ্যে সমস্যা মেরামত করে বিদ্যুত্ সরবরাহ নির্বিঘ্ন করা হয়।
 
তিনি আরো বলেন, বর্তমানে নগরীতে ৭০ থেকে ৭৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে পিক-অফপিক মিলিয়ে পর্যাপ্ত সরবরাহ পাওয়া যাচ্ছে। ফলে লোডশেডিংয়ের প্রশ্নই আসে না। তবে ঝড়-বৃষ্টির কারণে গোলযোগে বিভিন্ন সময়ে নগরীতে বিদ্যুত্ সরবরাহে বিঘ্ন ঘটছে। এটাকেই হয়তো অনেকে লোডশেডিং বলে দাবি করছেন।