পুঁজিবাজারে সূচকের পতন থামছেই না। বুধবার টানা তৃতীয় দিনের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে। তবে সূচক কমলেও লেনদেন হয়েছে ৫২৫ কোটি টাকার।
আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে—বাজারের সূচক কমতে কমতে ১৬ মাস আগের অবস্থানে চলে এসেছে। অনেক কোম্পানির শেয়ারদর তলানিতে নেমে এসেছে। তবে বুধবারও লেনদেন বেড়েছে। ডিএসইর লেনদেন বেড়েছে ১৪ শতাংশ।
লেনদেন বাড়ার ক্ষেত্রে বড় অবদান রেখেছে শাশা ডেনিমস ও সাইফ পাওয়ার টেকনোলজি। কোম্পানি দুটির লেনদেন আগের দিনের তুলনায় প্রায় ১৪৬ শতাংশ বেড়েছে। লেনদেন বাড়ার সাথে সাথে কোম্পানি দুটির শেয়ারদরও বেড়েছে। খাত-ভিত্তিক লেনদেন বিশ্লেষণে দেখা গেছে—লেনদেনের শীর্ষে ছিল জ্বালানি খাত। এ খাতে লেনদেন হয়েছে ১৬৩ কোটি ৫৭ লাখ টাকার, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৩২ শতাংশ।
তথ্যে দেখা গেছে—বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩০ পয়েন্ট কমেছে। ডিএস-৩০ মূল্যসূচক ১০ কমে ১ হাজার ৬২১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫২৫ কোটি ৫৮ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৫২৫ কোটি ৫৮ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের দাম।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৩৫ কমে ১৩ হাজার ৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪২ কোটি ৫ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ৫ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের দাম।
