হবিগঞ্জে ঝড়ে নিহত ৩

আপডেট : ২২ এপ্রিল ২০১৫, ১৯:১৬
 
হবিগঞ্জে মঙ্গলবার রাতের ঝড়ে মা-ছেলেসহ তিন জন নিহত হয়েছে। এতে আহত হয় কমপক্ষে ৩০ জন। বিধ্বস্ত হয়েছে প্রায় ২ হাজার বাড়িঘর। আংশিক ক্ষতি হয়েছে আরও ৩ হাজার বাড়িঘরের। ভেঙ্গে পড়েছে কয়েক হাজার গাছপালা।
 
 মঙ্গলবার দিবাগত গভীর রাতে জেলার সদর, বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলার উপর দিয়ে প্রবল বেগে ঝড় বয়ে যায়। এ সময় বানিয়াচং উপজেলা সদরের বাদাউড়ি গ্রামের আবুল ফজলের ঘরের উপর একটি গাছ ভেঙ্গে পড়ে। এতে ঘরের চাপায় তার ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নূরজাহান ও ৪ বছর বয়সী ছেলে সারওয়ান নিহত হয়।
 
অপরদিকে নবীগঞ্জের পূর্ব তিমিরপুর গ্রামে ঝড়ের সময় ঘরে গাছ পড়ে ঘরের চাপায় লাল মিয়া নামে একজন নিহত হয়।
 
জেলা প্রশাসনের ত্রান ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত বানিয়াচং উপজেলার ৭৭৬টি ঘরবাড়ি সম্পূর্ণ, ১২০২ টি আংশিক বিধ্বস্থ হয়।
 
উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ৪টিতে এ ঘুর্ণিঝড় আঘাত হানে। নবীগঞ্জের পানিউমদা ইউনিয়ন ভূমি অফিস, রাজরানী সুভাষিনী উচ্চ বিদ্যালয়ের চাল উড়ে গেছে। তবে বোরো ধানের কি পরিমান ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।