এএপির জনসভায় কৃষকের আত্মহত্যার ঘটনায় তদন্ত

আপডেট : ২৩ এপ্রিল ২০১৫, ১১:৩৪
 
ভারতে আম আদমি পার্টির (এএপি) সমাবেশে এসে এক কৃষকের আত্মহত্যার ঘটনায় তদন্ত করছে দিল্লি পুলিশ। এই আত্মহত্যা ছিল নাকি দুর্ঘটনা ছিল সে বিষয়টি খতিয়ে দেখছে তারা। এদিকে এই ঘটনার বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দিল্লি পুলিশের প্রধান বিএস বাসি ও লেফটেন্যান্ট গভর্নর নাজিব জুং সাথে দেখা করেছেন। 
  
আম আদমি পার্টির বিক্ষোভ সমাবেশ চলাকালে রাজস্থানের দওসা জেলার বাসিন্দা গজেন্দ্র সিংহ রাজপুত (৪১) সভামঞ্চের কাছে একটি গাছে গলায় গামছা দিয়ে ঝুলে আত্মহত্যা করেন। এসময় সভামঞ্চে এএপি’র নেতা অরবিন্দ কেজরিওয়াল বক্তৃতা দিচ্ছিলেন। গাছ থেকে নামিয়ে গজেন্দ্রকে রামমনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
পুলিশ গজেন্দ্রর কাছ থেকে একটি সুইসাইড নোট ও মোবাইল নম্বর পেয়েছে। সুইসাইড নোটে তিনি লিখেছেন, ‘আমার তিনটি সন্তান রয়েছে। ঘরে খাবার কিছু নেই। আমার ফসল নষ্ট হয়ে গিয়েছে। বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন’।
 
এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে আঙুল তুলেছেন আম আদমি পার্টির নেতা কুমার বিশ্বাস। তিনি প্রশ্ন তোলেন, পুলিশ কেন সক্রিয় হল না? ঘটনাটিকে মোদি সরকারের ষড়যন্ত্র আখ্যা দিয়ে অভিযোগ করেন, কেজরিওয়াল সরকারকে কালিমালিপ্ত করার চক্রান্ত চলছে।