রাঙ্গামাটি শহরের মানিকছড়ি এলাকায় যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে।
রাঙ্গামাটি সেনাবাহিনী-পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন হতাহতদের উদ্ধার করে। আহতদের সকলকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটির স্থানীয় ঘিলাছড়ি বাজারে সাপ্তাহিক হাটে যাওয়ার সময় ব্যবসায়ীদের বহনকারী একটি বাস মানিকছড়ি এলাকায় পৌঁছলে রাস্তার উপর বাসটি হঠাৎ উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই বাস চাপা পড়ে মামুন নামে এক ব্যবসায়ী মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আলমগীর নামে আরো এক ব্যবসায়ীর মৃত্যু হয়। আহত অন্যান্য ১৫ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, ঘটনার পরপরই হতাহতদের দেখতে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও জেলা প্রশাসক সামসুল আরেফিনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।
রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃহস্পতিবার সকালে নিহত ২ জনকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা এবং আহত ১২ জনকে ৫ হাজার টাকা করে ৬০ হাজার টাকা অনুদান দিয়েছেন।
