পরীক্ষামূলক ওষুধ ব্যবহারে ইবোলায় আক্রান্ত তিনটি বানরের ভাইরাস মুক্ত করা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ এই গবেষণাটি নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘টিকেএম-ইবোলা-গিনি’ নামের ঐ চিকিত্সা ইবোলা ভাইরাসের মাকোনা উপদলকে লক্ষ করে চালানো হয়। এটিই পশ্চিম আফ্রিকার চলমান প্রাণঘাতী প্রাদুর্ভাবের জন্য দায়ী।
২৮ দিনের পরীক্ষামূলক পর্ব শেষে ঐ তিনটি বানর এখন সুস্থ আছে। অন্য তিনটি বানর যার উপর ওষুধ প্রয়োগ করা হয়নি তারা নয়দিনের মধ্যেই মারা গেছে।
তবে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, মানব শরীরে এই ওষুধের কার্যকারিতা এখনো প্রমাণিত হয়নি।
এখন পর্যন্ত মানবদেহে ইবোলার কোনো চিকিত্সা বা টিকার কার্যকারিতা প্রমাণ হয়নি।
যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী থমাস গিসবার্ট বলেছেন, ইবোলার লক্ষণ প্রকাশ হওয়ার আগেই প্রতিরোধ করার এটি প্রথম পরীক্ষা। ইবোলা-জায়ারে ভাইরাসের নতুন মাকোনা উপদলের ওপর ওষুধটি প্রয়োগ করা হয়েছে।
মানুষের ওপর ওষুধটির পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল চলতি বছরের দ্বিতীয় অর্ধের মধ্যেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
