বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে :কাদের

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২২:৫৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ঐক্যফ্রন্টের ব্যানারে একটি দল নির্বাচন বানচালের পায়তারা করছে। সারাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বিরাজ করছিল। শিডিউল ঘোষণার পর মনোনয়ন প্রদান পর্যায়ে তারা পরিকল্পিতভাবে সারাদেশ থেকে তাদের নেতাকর্মীর পাশাপাশি সন্ত্রাসীদের জড়ো করে পুলিশের ওপর হামলা করেছে। গাড়ি পুড়িয়ে, গাড়ির ওপর উঠে নৃত্য প্রদর্শন করে। ২০ জনের মত পুলিশ আহত হয়ে হাসপাতালে। গতকাল সোমবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, এতদিন যারা পরিবেশ পরিবেশ বলে চিত্কার করছিলো, শিডিউল ঘোষণার পর তারাই নির্বাচনের পরিবেশ নষ্ট করছে।

ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমে প্রকাশিত আওয়ামী লীগের প্রার্থী তালিকার ভিত্তি নেই। মনগড়া তথ্য প্রকাশিত হয়েছে। আমরা দলের পক্ষ এখনও মনোনয়ন দেইনি। এবার জোটগতভাবে মনোনয়ন দেয়া হবে। যারা দাবি করছেন মনোনয়ন পেয়েছেন বা বাদ পড়েছেন বলে নিউজ আসছে, সব ভুয়া। আমরা কাউকে মনোনয়ন দেইনি, দিয়েছে মিডিয়া।  যতক্ষণ না দলীয় কিংবা জোটগতভাবে ঘোষণা করা হবে না, ততক্ষণ কেউ মনোনিত প্রার্থী নন। বিএনপি আওয়ামী লীগের চেয়ে বেশি মনোনয়ন ফরম বিক্রির ভুয়া প্রতিযোগিতায় লিপ্ত অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, আমাদের ৪ হাজার ২৩টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এখন তারা তার চেয়ে বেশি বিক্রি দেখাতে চায়। আর এজন্য তারা চিহ্নিত দাগি সন্ত্রাসীদের জড়ো করে ফরম বিক্রি দেখাচ্ছে। তারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। আমি চ্যালেঞ্জ করে বলছি, তারা মনোনয়ন ফরম বিক্রির ভুয়া সংখ্যাতত্ব দিচ্ছে। তিনি বলেন, ‘তাদের মনোনয়নের সময় পার হয়ে গেলেও নেতাকর্মীদের পাশাপাশি চিহ্নিত দাগি সন্ত্রাসীদের ঢাকায় এনে হামলা চালানো হচ্ছে। একদিকে মনোনয়নপত্র দিচ্ছে, আরেকদিকে মনোনয়নপত্র সংগ্রহের নামে রাস্তা বন্ধ করছে।’

ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারেক রহমানের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কারের বিষয়ে ইসি ব্যবস্থা না নিলে কি করবেন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন হোক এটা আমরা চাই। সরকারি দল হিসেবে আমাদের দায়টা বেশি। কিছু কিছু বিষয়ে আমাদের ধৈর্য ধরতে হবে। আমাদের সহনশীল হতে হবে। নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা তারা যথাযথ ব্যবস্থা নেবেন।’ তিনি বলেন, তারেক রহমানের বক্তব্য প্রচারে উচ্চ আদালতের বিধি নিষেধ রয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদেশে বসে তারেক রহমানের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার গ্রহণ উচ্চ আদালতের প্রচলিত রায়ের সুস্পষ্ট লংঘন। বিষয়টি খতিয়ে দেখতে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, একেএম  এনামুল হক শামীম,  মুহিবুল হাসান চৌধুরী নওফেল,  পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর,  ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।