মুন্সীগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

আপডেট : ২৩ এপ্রিল ২০১৫, ১৩:৫৮
মুন্সীগঞ্জের সদর উপজেলার মিরকাদিম পৌরসভার দক্ষিণ রামগোপালপুর থেকে বৃহস্পতিবার  ৩৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তির একাংশ উদ্ধার করেছে পুলিশ।
 
মিরকাদিম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জলিল মাদবর জানান, দুইজন নারী ও একজন পুরুষ মূর্তিটি নিয়ে কোথাও যাচ্ছিলেন। এমন সময় রাস্তায় টহল পুলিশ দেখতে পেয়ে দক্ষিণ রামগোপালপুরের কবির চৌধুরীর বাড়ির উঠানে মূর্তিটি ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী তা দেখতে  পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ কবির চৌধুরীর বাড়ির  উঠান থেকে মূর্তিটি উদ্ধার করে।
 
সদর থানার এসআই আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মূর্তিটি মূল্যবান কষ্টি পাথরের। সনাতন ধর্মালম্বীদের কোন দেবতার মূর্তি এটি। যে অংশটি উদ্ধার করা হয়েছে তা মূর্তির নীচের অংশ। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।