চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ের মোজার ভেতর থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। ওই যাত্রী দুবাই থেকে ফিরেছেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আবদুল মান্নান নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দারা জানিয়েছেন, উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা জানান, বেলা সাড়ে ১০টার দিকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রামে অবতরণ করেন আবদুল মান্নান।
তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে তল্লাশি করা হয়। তল্লাশির সময় মান্নানের জুতোর মোজার ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা চারটি স্বর্ণবার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন সাড়ে চারশ গ্রামের বেশি। এর আনুমানিক মূল্য ২২ লাখ টাকা।
