পুঁজিবাজারে টানা চার দিন সূচক কমেছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমার পাশাপাশি লেনদেনও কমে গেছে। ডিএসইর লেনদেন কমেছে প্রায় ২৮ শতাংশ। এতে সাত কর্মদিবস পর ডিএসইর লেনদেন চার শ কোটি টাকার নিচে নেমে আসে। এ দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ও লেনদেন কমেছে।
আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে—রাজনৈতিক স্থিতিশীলতার প্রত্যাশা কমে যাওয়ায় বাজারে সূচকের টানা পতন হচ্ছে। বৃহস্পতিবারও ডিএসইর সূচক প্রায় দেড় শতাংশ কমেছে।
তথ্যে দেখা গেছে—ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৬০ কমে ৪ হাজার ১৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ২৮ কমে ১ হাজার ৫৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৭৭ কোটি ৬৭ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ১৪৭ কোটি ৯১ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ২২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের দর। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ২৩০ কমে ১২ হাজার ৮৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪১ কোটি ৮১ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ১ কোটি টাকা কম। লেনদেনকৃত ২২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ারের দাম।
তসরিফা ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রায় সাড়ে নয় গুণ আবেদন জমা পড়েছে। ৬৩ কোটি ৮৭ লাখ ২১ হাজার টাকার বিপরীতে আবেদন পড়েছে ৬৭০ কোটি ৩৬ লাখ ৯৪ হাজার টাকার। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১৬ টাকা প্রিমিয়ামে অর্থাত্ ২৬ টাকা মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন পেয়েছে। ২ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার ২০০ শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৬৩ কোটি ৮৭ লাখ ২১ হাজার ২০০ টাকা সংগ্রহ করবে।
