ঢাকা উত্তর সিটিতে নির্বাচনের নামে হলো নাটক —ড. মোশাররফ

আপডেট : ০২ মার্চ ২০১৯, ০০:৪২

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদের উপনির্বাচনে ভোটার উপস্থিতি ছিল না, তারপরও লাখ লাখ ভোট পড়েছে। কোথা থেকে এলো এই ভোট? এ থেকে বোঝা যায় উত্তর সিটি নির্বাচনে একটা ভোট নাটক হলো মাত্র। একাদশ সংসদ নির্বাচনের মত সিটি নির্বাচনেও গোপনে ভোটবাক্স ভর্তি করা হয়েছে। মেয়র উপ-নির্বাচনে জাপার যিনি প্রার্থী ছিলেন তিনি বলেছেন, প্রায় ৪০টি কেন্দ্রে তিনি গিয়েছেন, সেখানে কোনো ভোটার দেখেননি। ৫ শতাংশ ভোটও পড়েনি। অর্থাত্ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ এই সরকার ও প্রশাসনের যে চেহারা দেখেছে, তার প্রতিবাদ হিসেবে তারা ভোটকেন্দ্রে যায়নি। তিনি বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন জনগণ যে বিশ্বাস করে না, বৃহস্পতিবার সেটা প্রমাণ করেছে।

গতকাল শুক্রবার মত্স্যজীবী দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করে আমরা পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছি। আর খুব শিগগিরই এই সরকারের পতন ঘটিয়ে আমরা নির্বাচনে যাবো।

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মত্স্যজীবী দলের আহ্বায়ক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব ও সদস্য সচিব আব্দুর রহিমসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।