বাংলাদেশে ডিজিটাল বই: সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক কর্মশালায় অনুষ্ঠিত

আপডেট : ২৪ এপ্রিল ২০১৫, ০৯:৩১


বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, “মননশীল মানুষের কাছে বই চিরদিনেই একটি প্রিয় বস্তু। তাদের কাছে বই যুগে যুগে সমাদৃত হয়েছে। এক সময় বই ছিল পাথরে খোদাই করে লেখা। তারপর বই এসেছে গাছের বাঁকলে, তাল পাতায়, পেপিরাসে। কাগজে ছাপা বই দীর্ঘদিন ধরে টিকে আছে। হয়তো আরো বহুদিন থাকবে। আজকের এই কাগজের বইয়ের থেকে যদি ডিজিটাল বই উন্নত হয়, পাঠক-বান্ধব হয় তাহলে তো কারো আপত্তি থাকার কথা নয়।”
২৩ এপ্রিল আন্তর্জাতিক বই দিবস উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশে ডিজিটাল বই: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক একটি কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সেকায়েপ প্রকল্পের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর বাংলামটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রের ইস্ফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব মো. নজরুল ইসলাম খান বলেন, “তথ্য-প্রযুক্তির যুগে ভাষাকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের অবশ্য ই-বুকের দিকে ঝুকতে হবে। এছাড়া বইগুলো ই-বুকে রুপান্তর হলে পাঠক এক হাজার টাকা দামের একটি বই হয়তো দশ টাকা/বিশ টাকায় পড়তে পারবে। এতে করে একদিকে যেমন পাঠক বাড়বে অন্যদিকে তেমনি প্রকাশকদের আয়ও বেড়ে যাবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সেকায়েপ প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব জনাব ড. মো: মাহামুদ-উল-হক। কর্মশালায় মূল বিষয় উপস্থাপন করেন, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার ও জনাব মুনির হাসান।
কর্মশালায় দেশের বিশিষ্ট লেখক ও প্রকাশকগণ উপস্থিত ছিলেন।