নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন অর্থমন্ত্রীর

আপডেট : ২৪ এপ্রিল ২০১৫, ১৬:১৬
যুক্তরাষ্ট্র সফররত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিস পরিদর্শন করেন। নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান মন্ত্রীকে স্বাগত জানান।
 
পরে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাংলাদেশের মহান স্বাধীনতা কীভাবে জনগণের জন্যে ব্যাপক কল্যাণ বয়ে এনেছে তা সবিস্তারে তুলে ধরেন। 
 
বাংলাদেশের ‘উন্নয়ন যাত্রা’র কথা উল্লেখ করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতাত্তোর বাংলাদেশের ব্যাপক উন্নয়নের জন্য প্রবাসীসহ সকল বাংলাদেশির গর্ববোধ করা উচিত। তিনি কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীদের আরো আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সেবা প্রদানের আহ্বান জানান। 
 
অর্থমন্ত্রী কনস্যুলেট অফিসের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং কনস্যুলার সেবা নিতে অপেক্ষমান প্রবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।
 
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ. কে. আব্দুল মোমেন, যুক্তরাষ্ট্র সফররত জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমানসহ উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, সরকারি কার্যক্রমে অংশগ্রহণের জন্য অর্থমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন।