বাংলাদেশে ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের ওপর হামলা, হয়রানির বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। ট্রেড ইউনিয়ন শ্রমিকদের স্বার্থের কথা তুলে ধরতে না পারলে শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং শ্রম অধিকার নাজুক অবস্থায় থেকে যাবে। এ অবস্থায় শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে। গতকাল শুক্রবার সাভারে রানা প্লাজা ধসের দুই বছর পূর্তিতে ইউরোপীয় কমিশন ও যুক্তরাষ্ট্রের এক যৌথ বিবৃতিতে একথা জানানো হয়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি, মার্কিন বাণিজ্য প্রতিনিধি মাইকেল বি.জি. ফরম্যান, ইউএসএআইডি’র ভারপ্রাপ্ত প্রশাসক আলফনসো ই. লেহহার্ড, মার্কিন শ্রমমন্ত্রী থমাস ই. পেরেজ এবং ইইউ’র পররাষ্ট্র বিষয়ক উচ্চ প্রতিনিধি ফেডেরিকা মঘেরিনি, ইইউ’র বাণিজ্য কমিশনার সিসিলিয়া মামস্ট্রম-সহ মোট আট জন এই যৌথ বিবৃতি দেন।
বিবৃতিতে বলা হয়, রানা প্লাজা ধসের দুই বছর পূর্ণ হয়েছে। এই দুর্ঘটনায় ১১শ’র বেশি শ্রমিক প্রাণ হারায় ও বহু আহত হন। আমরা এ ঘটনায় সমবেদনা প্রকাশ করছি। রানা প্লাজা ধসের পর ইইউ, যুক্তরাষ্ট্র ও আইএলও পোশাক খাতের শ্রমিকদের মৌলিক অধিকার, নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার উদ্যোগ নেয়। অংশীদাররা উদ্যোগের অংশ হিসাবে বাংলাদেশের জন্য সাসটেইনেবিলিটি কমপ্যাক্ট ঘোষণা করে।
গত দুই বছরে অনেক বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে তবে আরো কিছু জরুরি কাজ করার রয়েছে। আমরা অবিলম্বে বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ শ্রম আইন কার্যকরের আহবান জানাই।
