বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী একটি বাস ও মাছের পোনাবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকসহ পাঁচ জন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানের অন্তত তিনজন আরোহী। শুক্রবার দুপুরে ফকিরহাট উপজেলার ফলতিতা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। আহতদের ঐ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহতরা হলেন ফকিরহাট উপজেলার দোহাজারী গ্রামের নীল কমল দাস (৪৫) ও বলরাম দাস (৩৫), তাদের ভাগ্নে শ্যাম দাস (৩০) ও পানু দাস (৫৫) এবং পিকআপের অজ্ঞাত পরিচয় চালক (৪০)।
ঘটনার পর প্রায় পৌনে এক ঘন্টা ঐ সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে রাস্তা পরিষ্কার করে দিলে আবারও যান চলাচল শুরু হয়।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনিছুর রহমান পিকআপের পাঁচজন আরোহী নিহত হবার কথা নিশ্চিত করেছেন। ওসি বলেন, নিহতরা সাদা মাছের পোনা ব্যবসায়ী। তারা গোপালগঞ্জ থেকে মাছের পোনা কিনে ফকিরহাটে আসছিলেন। বাস চালক পালিয়ে গেছে।
